পঞ্চগড়ে ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি


মার্শাদুল ইভেন,পঞ্চগড় প্রতিনিধি প্রকাশের সময় : মে ২২, ২০২৬, ৭:০১ অপরাহ্ণ
পঞ্চগড়ে ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্ষক ও নিপীড়কদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেলে পঞ্চগড় চৌরঙ্গী মোড়ে পঞ্চগড়–ঢাকা জাতীয় মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়।

প্রথম আলো বন্ধুসভার ব্যানারে আয়োজিত এই মানববন্ধনের পর সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম এবং আত্মার বন্ধন ফাউন্ডেশনের ব্যানারেও পৃথকভাবে একই দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, বাংলাদেশে শিশু ও নারীর ওপর ধর্ষণ ও নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। তারা বলেন, “দেশে শিশু ও নারী ধর্ষকের কোনো স্থান নেই।” এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত সর্বোচ্চ শাস্তি, এমনকি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, সাম্প্রতিক সময়ে শিশুদের ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ড সমাজকে গভীরভাবে নাড়া দিয়েছে। এসব অপরাধ বন্ধে কঠোর আইন প্রয়োগ এবং দ্রুত বিচার নিশ্চিত না হলে জননিরাপত্তা হুমকির মুখে পড়বে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা জজ কোর্টের আইনজীবী আব্দুল বারী, প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি রাজিউর রহমান, শিক্ষক আজাহারুল ইসলাম জুয়েল, পঞ্চগড় প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইনসান সাগেরদ, আত্মার বন্ধন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ফাতেমাতুজ্জহরা সহ স্থানীয় অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, সমাজে নৈতিক অবক্ষয় রোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ জরুরি। পাশাপাশি ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে বিচার প্রক্রিয়া আরও দ্রুত করার আহ্বান জানান তারা।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইন প্রয়োগের দাবি জানিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।