অন্যায় করলে দল–নির্দল কেউ ছাড় পাবে না : সমাজকল্যাণ মন্ত্রী


মোফাজ্জল হোসেন, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: প্রকাশের সময় : মে ২২, ২০২৬, ৬:২২ অপরাহ্ণ
অন্যায় করলে দল–নির্দল কেউ ছাড় পাবে না : সমাজকল্যাণ মন্ত্রী

মাদক, নারী ও শিশু নির্যাতন, দখলদারি এবং চাঁদাবাজির মতো অপরাধ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. জাহিদ হোসেন। তিনি বলেছেন, এসব অপরাধে জড়িত ব্যক্তি দলীয় হোক বা নির্দল—কেউই ছাড় পাবে না।

শুক্রবার (২২ মে) বেলা ১১টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ এসএসডি এলাকায় খাদ্য বিভাগের আয়োজনে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। প্রধানমন্ত্রী যেকোনো সংকটে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। সম্প্রতি শিশু রামিশাকে নিয়ে ঘটে যাওয়া ঘটনাকে তিনি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় বলে উল্লেখ করেন। তিনি বলেন, এ ধরনের ঘটনা যেন আর কোথাও না ঘটে, সে জন্য সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, কোনো ঘটনা ঘটলে তা নিয়ে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি বা ফায়দা লুটতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন এবং রাজনৈতিক নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

ডা. জাহিদ হোসেন বলেন, ঘটনার সঙ্গে জড়িত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, তবে আইনের বাইরে গিয়ে কাউকে শাস্তি দেওয়া সম্ভব নয়। দেশে আইন ও আদালত রয়েছে, সঠিক প্রক্রিয়ার মাধ্যমেই বিচার সম্পন্ন করতে হবে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী ভুক্তভোগী পরিবারের পাশে রয়েছেন এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। মামলাগুলো যথাযথভাবে প্রস্তুত করা হচ্ছে যাতে আদালতে সঠিকভাবে প্রমাণ উপস্থাপন করা যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাউসার শেখ, কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান, ঘোড়াঘাট–হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ কমিশনার আ ন ম নিয়ামত উল্লাহ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নাহিদা আক্তার, ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলামসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা।