অনুপ্রবেশের চেষ্টাকালে পাটগ্রাম সীমান্তে বিজিবির ২ রাউন্ড ফাঁকা গুলি: ফুলবাড়ি সীমান্তে ইয়াবাসহ মাদক কারবারি আটক


স্টাফ রিপোর্টার, চঞ্চল প্রকাশের সময় : মে ২২, ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ
অনুপ্রবেশের চেষ্টাকালে পাটগ্রাম সীমান্তে বিজিবির ২ রাউন্ড ফাঁকা গুলি: ফুলবাড়ি সীমান্তে ইয়াবাসহ মাদক কারবারি আটক

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর পক্ষ থেকে আজ দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সীমান্তের পৃথক দুটি গুরুত্বপূর্ণ অভিযানের তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে ১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, আজ ভোররাতে পাটগ্রাম সীমান্তে অনুপ্রবেশকারীদের রুখতে বিজিবি টহল দল ২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে।

ঘটনার বিবরণীতে জানা যায়, আজ ২২ মে রাত ২টা ২০ মিনিটে পাটগ্রাম উপজেলার কলসিমুখ সীমান্তে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে। রংপুর ৫১-বিজিবি ব্যাটালিয়নের অধীন কলসিমুখ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল বিজিবির একটি দল। এমন সময় মেইন পিলার-৮০৬ এর কাছাকাছি, বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ গজ ভেতরে ভারত থেকে একদল লোককে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের চ্যালেঞ্জ করলে তারা নির্দেশ অমান্য করে উল্টো সামনের দিকে এগিয়ে আসতে থাকে।

তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং অনুপ্রবেশকারীদের সতর্ক করতে টহল কমান্ডার নায়েব সুবেদার রফিকুল ইসলামের নির্দেশে বিজিবি সদস্যরা ০২ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। এতে চোরাকারবারীরা ছত্রভঙ্গ হয়ে পুনরায় ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

এর আগে গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ১৫ বিজিবি’র অধীন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ঘুঘুরহাট সীমান্তে অনন্তপুর বিওপির টহলদল ঝটিকা অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর প্রাক্কালে মোঃ কাবিল হোসেন (২৪) নামের এক স্থানীয় মাদক কারবারিকে ১২ পিস ইয়াবাসহ আটক করা হয়।

চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়তে সীমান্তে বিজিবির এই কঠোর ও আপসহীন অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।