
বগুড়ার গাবতলী উপজেলায় গভীর রাতে ঘরে ঢুকে রীতা রানী মজুমদার (৪৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (২০ মে) রাত সোয়া ১২টার দিকে উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রীতা রানী মজুমদার ওই এলাকার বিধান চন্দ্র রায়–এর স্ত্রী। তাদের এক ছেলে ও এক মেয়ে পড়াশোনার কারণে ঢাকায় থাকেন। বাড়িতে স্বামী-স্ত্রী দুজনই বসবাস করতেন।
নিহতের স্বামী বিধান চন্দ্র রায় জানান, বুধবার রাত ১০টার দিকে স্ত্রীকে নিয়ে রাতের খাবার শেষ করে অন্যান্য দিনের মতো আলাদা ঘরে ঘুমাতে যান। রাত সোয়া ১২টার দিকে হঠাৎ নিজের ঘরের দরজায় জোরে ধাক্কার শব্দে তার ঘুম ভেঙে যায়।
এসময় স্ত্রীর ঘর থেকে অস্বাভাবিক গোঙানির শব্দ শুনে তিনি দ্রুত সেখানে যান। ঘরে ঢুকে দেখেন, রীতা রানীর গলাকাটা নিথর দেহ শয়নকক্ষের মেঝেতে পড়ে আছে। পরে চিৎকার করে বাইরে বের হয়ে তিনি বাড়ির সদর দরজা খোলা দেখতে পান। এরপর পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে বগুড়া জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) হুমায়ুন কবীর জানান, ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় রীতা রানীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলা কাটা ছিল এবং মরদেহটি শয়নকক্ষের মেঝেতে পড়ে ছিল।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
এদিকে, মধ্যরাতে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :