চট্টগ্রামে ধর্ষণের পর হত্যা, বস্তায় মিলল শিশুর মরদেহ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২১, ২০২৬, ৯:২৪ অপরাহ্ণ
চট্টগ্রামে ধর্ষণের পর হত্যা, বস্তায় মিলল শিশুর মরদেহ

চট্টগ্রামের হাটহাজারীর আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি মো. ফয়সালকে (১৯) নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষী ইউনিয়নের টংকপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর টানা ৭২ ঘণ্টার অভিযানে তার অবস্থান শনাক্ত করে পুলিশ।

মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৬ মার্চ হাটহাজারীর একটি তুলার গুদামে ভুক্তভোগী শিশুকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করা হয়। পরে শিশুটি চিৎকার করলে ফয়সাল ও তার সহযোগীরা তাকে হত্যা করে বলে অভিযোগ রয়েছে। হত্যার পর মরদেহ গুদামের বস্তার নিচে লুকিয়ে রাখা হয়।

ঘটনার পর থেকেই আসামিরা আত্মগোপনে চলে যায়। তাদের গ্রেপ্তারে পুলিশ চট্টগ্রামের মানিকছড়ি, কুমিল্লাসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। সবশেষ গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদীর রায়পুরা এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি ফয়সালকে আটক করা হয়।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান গণমাধ্যমকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে তাকে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। পুলিশ জানিয়েছে, ফয়সালের দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে ঘটনার পেছনে আরও কেউ জড়িত আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাটি প্রকাশের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।