খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২১, ২০২৬, ১২:২৪ অপরাহ্ণ
খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে পড়েছে। এতে খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

বুধবার (২০ মে) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কোটচাঁদপুর উপজেলার সাবদালপুর স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কোটচাঁদপুর স্টেশন মাস্টার নয়ন আলী বিষয়টি নিশ্চিত করে জানান, খুলনা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন স্টেশন পার হওয়ার সময় রেললাইন হঠাৎ বসে যায়। এতে ট্রেনটির কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

দুর্ঘটনার পরপরই রেলওয়ে কর্তৃপক্ষ উদ্ধার তৎপরতা শুরু করে। খবর পেয়ে খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে সেটি উদ্ধার কার্যক্রমে কাজ করছে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে লাইনচ্যুতির কারণে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, ফলে খুলনা–উত্তরবঙ্গ রেল যোগাযোগে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার কাজ শেষ হওয়ার পর দ্রুত রেললাইন মেরামত করে স্বাভাবিক ট্রেন চলাচল শুরু করা হবে। এ ঘটনায় লাইন বসে যাওয়ার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে।