শিশুকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২১, ২০২৬, ৬:৪০ অপরাহ্ণ
শিশুকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক

নওগাঁর ধামইরহাট উপজেলায় ১০ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে মমিনুল হক (২৭) নামে এক মাদরাসা শিক্ষককে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে ইসবপুর ইউনিয়নের বাদাল চাঁনপুর এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ৮টার দিকে বাদাল চাঁনপুর দারুল উলুম আশরাফিয়া কওমি মাদরাসার শিক্ষক মমিনুল হক কৌশলে ওই শিশু শিক্ষার্থীকে মাদরাসার একটি কক্ষে নিয়ে যান। সেখানে তাকে বলাৎকার করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়।

পরে বৃহস্পতিবার স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে বেঁধে রেখে থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

এ ঘটনায় মাদরাসা কমিটির সভাপতি নুরনবী বাদী হয়ে ধামইরহাট থানায় একটি এজাহার দায়ের করেন।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, অভিযোগের ভিত্তিতে আসামিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে এবং দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।