পীরগঞ্জে পুকুরে ডুবে দুই কিশোরের মৃ’ত্যু’


রংপুর ভ্রাম্যমাণ প্রতিনিধি, আব্দুল্লাহীল কাফী প্রকাশের সময় : মে ২১, ২০২৬, ৫:৩৮ অপরাহ্ণ
পীরগঞ্জে পুকুরে ডুবে দুই কিশোরের মৃ’ত্যু’

রংপুরের পীরগঞ্জ উপজেলায় বৃষ্টিতে ক্রিকেট খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার ১৪ নম্বর চতরা ইউনিয়নের কাঁঠালপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলো— কাঁঠালপাড়া গ্রামের সুরুজ মিয়ার একমাত্র ছেলে, ষষ্ঠ শ্রেণির ছাত্র সাদমান এবং একই গ্রামের লুলু মিয়ার একমাত্র ছেলে, সপ্তম শ্রেণির ছাত্র তামিম।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বৃষ্টির মধ্যে চার বন্ধু ক্রিকেট খেলছিল। খেলা শেষে কর্দমাক্ত শরীর পরিষ্কার করতে তারা পাশের একটি পুকুরে গোসল করতে নামে। এ সময় সাঁতার না জানা সাদমান ও তামিম অসাবধানতাবশত পুকুরের গভীর পানিতে তলিয়ে যেতে থাকে।

দুই বন্ধুকে ডুবে যেতে দেখে অন্য দুই কিশোর চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ছুটে এসে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর তাদের অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে দ্রুত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

হঠাৎ এমন ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কাঁঠালপাড়া গ্রামে চলছে শোকের মাতম। নিহত দুই কিশোরের বাবা-মা ও স্বজনরা শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। স্থানীয়রাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।