
দিনাজপুরে মৎস্য খাতে উৎপাদন বৃদ্ধি ও খামারিদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় নশিপুরস্থ ব্র্যাক লার্নিং সেন্টার অডিটোরিয়ামে ব্র্যাক ফিশারিজ-এর উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে ১২০ জন মৎস্যচাষী অংশগ্রহণ করেন।
কর্মশালায় পুকুর প্রস্তুতকরণ, পানির গুণগত মান নিয়ন্ত্রণ, উন্নত পোনা নির্বাচন ও মজুদ, সুষম খাদ্য ব্যবস্থাপনা, মাছের রোগ প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আধুনিক প্রযুক্তির প্রোবায়োটিক ব্যবহার, এয়ারেটরের প্রয়োগ এবং তথ্যপ্রযুক্তিনির্ভর পানি ব্যবস্থাপনা নিয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।
ব্র্যাক-এর রিজিওনাল সেলস ম্যানেজার মো. মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. তারিফুর রহমান সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য দপ্তরের সহকারী পরিচালক পূরবী রানী রায়, পার্বতীপুর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা খালেদ মোশারফসহ ব্র্যাক ফিশারিজের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
বক্তারা বলেন, সনাতন পদ্ধতি পরিহার করে বৈজ্ঞানিক ও আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং খামার ব্যবস্থাপনায় লাভজনকতা অর্জন করা সম্ভব।
দিনব্যাপী এ কর্মশালা শেষে অংশগ্রহণকারী মৎস্যচাষীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকরা জানান, মৎস্যখাতের উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম সারা বছর জুড়ে দেশের বিভিন্ন জেলায় অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :