রংপুর বিজিবি রিজিয়নের বড় সাফল্য


পঞ্চগড় জেলা প্রতিনিধি, মার্শাদুল ইভেন প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ৮:২৫ অপরাহ্ণ
রংপুর বিজিবি রিজিয়নের বড় সাফল্য

সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে রংপুর বিজিবি রিজিয়ন উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বলে জানানো হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকাল ১০টায় পঞ্চগড় ১৮ ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস।

তিনি জানান, রংপুর রিজিয়ন উত্তর-পশ্চিম সীমান্ত নিরাপত্তায় সর্বদা সক্রিয় রয়েছে। এ রিজিয়নের আওতাধীন ৪টি সেক্টরের অধীনে ১৫টি ব্যাটালিয়ন প্রায় ১,৬৬৮,৮৫৪ কিলোমিটার সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছে। প্রতিটি ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, গত এক বছরে বিজিবির অভিযানে ৫৪৭ জন আসামিসহ প্রায় ৯৪ কোটি ৫২ লাখ টাকারও বেশি মূল্যের বিভিন্ন মাদক ও চোরাচালানকৃত মালামাল আটক করা হয়েছে। আটক মাদকের মধ্যে ফেনসিডিল, বিদেশি মদ, ইয়াবা, বিভিন্ন নেশাজাতীয় সিরাপ, ট্যাবলেট ও ইনজেকশনসহ নানা ধরনের মাদকদ্রব্য রয়েছে।

চোরাচালানকৃত পণ্যের মধ্যে ছিল বিভিন্ন প্রসাধনী, ওষুধ, খাদ্যসামগ্রী, শাড়ি, লেহেঙ্গা, কাপড়, কম্বল, শাল, চাদর, জিরা, ধান, চিনি, পেঁয়াজ, আপেল এবং মোবাইল ফোনসহ নানা পণ্য। এসব পণ্য পরিবহনে ট্রাক, ইজিবাইক, নৌকা, বাইসাইকেলসহ বিভিন্ন যানবাহন ব্যবহার করা হয়েছে বলেও জানান তিনি।

এছাড়া অভিযানে অস্ত্র ও গোলাবারুদও আটক করা হয়েছে। এর মধ্যে দেশীয় ও বিদেশি পিস্তল, ওয়ান শুটার গান, ম্যাগাজিন, গুলি এবং সিসা গুলি উল্লেখযোগ্য।

ব্রিফিংয়ে জানানো হয়, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবপাচার প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি সীমান্তবর্তী দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, আর্থিক সহায়তা, চিকিৎসা ক্যাম্প এবং শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রমও অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এসব মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়া হবে বলে জানান বিজিবি কর্মকর্তারা।