১০ টাকা চাঁদার জন্য অটোরিকশাচালককে হত্যা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ১২:৩৭ অপরাহ্ণ
১০ টাকা চাঁদার জন্য অটোরিকশাচালককে হত্যা

নারায়ণগঞ্জ-এর সোনারগাঁও এলাকায় মাত্র ১০ টাকা চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে লাইনম্যানের হামলায় মো. মমিন নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী ও নিহতের স্বজনরা।

নিহত মো. মমিন উপজেলার নাজিরপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে।

নিহতের স্বজনদের অভিযোগ, রোববার (১৭ মে) বিকেলে দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় লাইনম্যান শাহিন অটোরিকশাচালক মমিনের কাছ থেকে ১০ টাকা চাঁদা নেন। কিছুক্ষণ পর আবারও তিনি চাঁদা দাবি করলে দু’জনের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে লাইনম্যান শাহিনের হাতে থাকা লাঠির আঘাতে মমিনের মাথায় এলোপাতাড়ি আঘাত করা হয়। এতে তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার (২০ মে) সকালে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত শাহিন পলাতক রয়েছে।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বুধবার সকালে উত্তেজিত এলাকাবাসী ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও বিচার দাবি করেন। পরে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, ঘটনার বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।