হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃ’ত্যু


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ৪:০১ অপরাহ্ণ
হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃ’ত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪০৮ জনের শরীরে হাম ও উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (২০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত একদিনে হামের উপসর্গে ঢাকা, সিলেট ও খুলনা বিভাগে একজন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বরিশাল বিভাগে ২ জন এবং ঢাকা বিভাগে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৪৮১ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ২৭০ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। ফলে চলতি প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ৮ হাজার ৬৭ জনের হাম শনাক্ত হয়েছে এবং ৫৭ হাজার ৮৫৬ জনের মধ্যে উপসর্গ পাওয়া গেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৪৫ হাজার ১২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৪১ হাজার ১২০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার এবং দ্রুত শনাক্তকরণ ব্যবস্থা আরও কার্যকর করা জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত রেখেছে।