সুনামগঞ্জে বাস ও লেগুনার সংঘর্ষে নিহত ২


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ৪:৫৭ অপরাহ্ণ
সুনামগঞ্জে বাস ও লেগুনার সংঘর্ষে নিহত ২

সুনামগঞ্জে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত ছয়জন আহত হয়েছেন। বুধবার (২০ মে) দুপুরে সুনামগঞ্জ-সিলেট সড়কের আহসানমারা সেতুর উত্তর পাশে জগজীবনপুর যাত্রী ছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—শান্তিগঞ্জ উপজেলার গাগলী গ্রামের আব্দুল হাসিমের ছেলে ও লেগুনাচালক ইব্রাহিম আলী (২৬) এবং সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের নারায়নপুর গ্রামের আলফা উদ্দিনের ছেলে জাহের মিয়া (১৮)।

আহতরা হলেন—শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলী গ্রামের মুসলিম মিয়ার ছেলে আব্দুল জাহান (৪০), তার মেয়ে লুতফা বেগম (৮) এবং ছাতক উপজেলার গণিপুর গ্রামের কাদির মিয়ার ছেলে তৌরিজ মিয়া (৫২)সহ আরও কয়েকজন। আহতদের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর লেগুনার যাত্রী জাহের মিয়া ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় চালক ইব্রাহিম আলীকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে সুনামগঞ্জের দিকে যাচ্ছিল। একই সময়ে একটি লেগুনা সুনামগঞ্জ শহর থেকে যাত্রী নিয়ে ছাতকের গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিল। পথে আহসানমারা সেতুর উত্তর পাশে পৌঁছালে বাস ও লেগুনার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে বাসের ধাক্কায় লেগুনার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং লেগুনার কয়েকজন যাত্রী আহত হন। পরে স্থানীয় লোকজন ও পথচারীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

দুর্ঘটনার পরপরই যাত্রীবাহী বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে স্থানীয়রা।

জয়কলস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দু মোতালেব জানান, দুর্ঘটনাকবলিত লেগুনাটি উদ্ধার করা হয়েছে। অন্যদিকে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।