লালমনিরহাটের তামাক বাজারে সিন্ডিকেটের প্রভাবের অভিযোগ, কৃষকদের পাশে চাষী সমিতি


স্টাফ রিপোর্টার, চঞ্চল প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ৩:১৭ অপরাহ্ণ
লালমনিরহাটের তামাক বাজারে সিন্ডিকেটের প্রভাবের অভিযোগ, কৃষকদের পাশে চাষী সমিতি

লালমনিরহাটের তামাক বাজারে একটি স্বার্থান্বেষী চক্রের সিন্ডিকেট ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জেলা তামাক চাষী সমিতি। কৃষকদের জিম্মি করে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত করার অভিযোগ তুলে তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

বুধবার (২০ মে) এক যৌথ বিবৃতিতে সমিতির সহ-সভাপতি মোঃ নূরুন্নবী সরকার নয়ন, সহ-সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম সিধু ও দপ্তর সম্পাদক মোঃ আব্দুল আলিম সরকারসহ অন্যান্য নেতারা এ দাবি জানান।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, রাসেল নামের এক ব্যক্তির নেতৃত্বে গড়ে ওঠা একটি চক্র তামাক কোম্পানিগুলোর সঙ্গে যোগসাজশ করে প্রকৃত চাষীদের কাছ থেকে তামাক ক্রয় প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে। এতে সাধারণ কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি করা হয়।

তারা আরও বলেন, পূর্বে ২২ দফা দাবির মধ্যে কৃষকের কাছ থেকে সরাসরি তামাক ক্রয়, দালাল চক্র বন্ধ এবং ডিজিটাল গ্রেড নির্ধারণের মতো বিষয়গুলো উত্থাপন করা হলেও তা বাস্তবায়ন হয়নি।

এবারের মৌসুমে অতিবৃষ্টি ও শিলাবৃষ্টির কারণে তামাকের গুণগত মান কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতির সুযোগ নিয়ে একটি চক্র কৃষকদের চরম লোকসানের মুখে ফেলছে বলেও অভিযোগ করেন তারা।

চাষী সমিতি দাবি করেছে, কৃষকদের ন্যায্য দাম নিশ্চিত করতে এবং অপপ্রচারের বিরুদ্ধে সত্য তুলে ধরতে প্রশাসন ও গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে।