মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ৭:২২ অপরাহ্ণ
মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় নিজের ১৫ বছর বয়সী কন্যাকে ধর্ষণের অভিযোগে রফিকুল ইসলাম (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জেলার নাসিরনগর উপজেলার নুরপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৯ মে) ভুক্তভোগী কিশোরী সদর মডেল থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করে। মামলার পর ওই দিন ভোররাতে শহরের ছয়ঘরিয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে অভিযুক্ত রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার (২০ মে) বিকেলে তাকে আদালতে পাঠানো হয়।

মামলার এজাহারে বলা হয়, ভুক্তভোগী কিশোরীর মা গত ছয় বছর ধরে সৌদি আরবে প্রবাস জীবনযাপন করছিলেন। সম্প্রতি তিনি দেশে এসে ছুটি কাটিয়ে দুই সপ্তাহ আগে পুনরায় সৌদি আরবে ফিরে যান। এরপর থেকে কিশোরী তার দুই ছোট বোন ও বাবার সঙ্গে ছয়ঘরিয়া এলাকার ভাড়া বাসায় বসবাস করছিল।

অভিযোগ অনুযায়ী, গত ১৬ মে রাতে রফিকুল ইসলাম তার মেয়েকে ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দেন। এরপর ১৮ মে সকালে তিনি আবারও ধর্ষণের চেষ্টা করেন। এ সময় কিশোরী কোনোভাবে পালিয়ে গিয়ে আশপাশের লোকজনকে বিষয়টি জানায়। পরে সে সদর মডেল থানায় গিয়ে বাবার বিরুদ্ধে মামলা দায়ের করে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে ।