মায়ের জন্মের ১০ মাস আগে মেয়ের জন্ম!


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ণ
মায়ের জন্মের ১০ মাস আগে মেয়ের জন্ম!

টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও জন্ম নিবন্ধনে এক চরম তথ্যগত ভুল ধরা পড়েছে, যেখানে মেয়ের জন্ম দেখানো হয়েছে তার মায়ের জন্মের ১০ মাস আগে।

ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রুহুলি গ্রামের বাসিন্দা জুলিয়া বেগম এবং তার মা কমলা বেগমের স্মার্ট এনআইডিতে এই বিভ্রান্তিকর তথ্য পাওয়া গেছে।

জুলিয়ার স্মার্ট জাতীয় পরিচয়পত্রে জন্মতারিখ উল্লেখ রয়েছে ১ ফেব্রুয়ারি ১৯৬০। অন্যদিকে তার মা কমলা বেগমের এনআইডিতে জন্মতারিখ ২০ ডিসেম্বর ১৯৬০ দেখানো হয়েছে। এতে হিসাব অনুযায়ী দেখা যায়, মেয়ের জন্ম হয়েছে মায়ের জন্মের প্রায় ১০ মাস আগেই—যা বাস্তবতার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক।

তবে জুলিয়ার অষ্টম শ্রেণির সনদ অনুযায়ী তার প্রকৃত জন্মতারিখ ১ ফেব্রুয়ারি ১৯৯৩, অর্থাৎ তার বর্তমান বয়স ৩৩ বছর। শুধু এনআইডি নয়, জন্ম নিবন্ধনেও ভুল রয়েছে, যেখানে তার বয়স ৬৪ বছর দেখানো হয়েছে।

ভুক্তভোগী জুলিয়া বেগম বলেন, “এত বড় ভুলের কারণে আমি চরম ভোগান্তিতে আছি। বহুবার ইউনিয়ন পরিষদ ও উপজেলা নির্বাচন অফিসে গিয়েছি, কিন্তু কোনো সমাধান পাইনি। কর্মকর্তারা বলছেন, এটি সংশোধন করা সম্ভব নয়।”

তিনি আরও অভিযোগ করে বলেন, সরকারি দপ্তরের ভুলের কারণে সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তার মা কমলা বেগমও বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, “আমার মেয়ের জন্ম আমার জন্মের আগে দেখানো হয়েছে। বহু জায়গায় গিয়েও কোনো সমাধান পাচ্ছি না।”

এ বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা নার্গিস সুলতানা বলেন, “মায়ের থেকে মেয়ে বড়—এটি অবশ্যই বড় ধরনের ভুল। আমি নতুন যোগদান করেছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” এ ঘটনায় স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে এবং দ্রুত তথ্য সংশোধনের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।