ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ৬:০৯ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সেপটিক ট্যাংকে নেমে বিষক্রিয়ায় চার নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) বিকেল পৌনে ৬টার দিকে ফায়ার সার্ভিস ও পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে আলী মিয়ার নির্মাণাধীন একতলা ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে একে একে চার শ্রমিকের মৃত্যু হয়।

নিহতরা হলেন—কালিকচ্ছ ও ধর্মতীর্থ গ্রামের আরমান, ইমাম হোসেন, মেহেদী ও হৃদয়।

কালিকচ্ছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সায়ীদ হোসেন জানান, সকাল ১১টার দিকে প্রথমে একজন শ্রমিক ট্যাংকের ভেতরে নামেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে পরে আরেকজন শ্রমিক নামেন। এভাবে একে একে চারজন শ্রমিক ভেতরে নামার পর তারা আর ফিরে আসেননি।

দুপুর ২টার দিকে তাদের নিখোঁজের খবর ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় এবং সেপটিক ট্যাংকের ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের ধারণা, ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাস জমে থাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে সঠিক কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।