বোনের প্রেমিককে খুন করলো ভাই, ঘটনা কী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ৮:৪৯ অপরাহ্ণ
বোনের প্রেমিককে খুন করলো ভাই, ঘটনা কী

জামালপুরে প্রেম ও পারিবারিক দ্বন্দ্বের জেরে আল আমিন (নিহত) নামের এক যুবককে শ্বাসরোধে হত্যা করে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করার ঘটনায় মূল অভিযুক্ত শুভ (১৯) ও তার সহযোগী সম্রাটকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বুধবার (২০ মে) বিকেলে জামালপুর পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার পংকজ দত্ত।

তিনি জানান, গত ১৮ মে জামালপুর-শেরপুর সীমান্তের বাগলগড় এলাকায় ঘাসের মাঠ থেকে আল আমিনের অর্ধগলিত ও মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা সাইফুল ইসলাম শেরপুর সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।

মামলার তদন্তে নেমে পিবিআই প্রথমে বাগলগড় গুচ্ছগ্রাম এলাকা থেকে প্রধান অভিযুক্ত শুভকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সহযোগী সম্রাটকেও আটক করা হয় বলে জানায় সংস্থাটি।

পিবিআই সূত্রে জানা যায়, নিহত আল আমিনের সঙ্গে শুভর তালাকপ্রাপ্ত বোনের প্রেমের সম্পর্ক ছিল। আল আমিন ছিল শুভর খালাতো ভাই। এক পর্যায়ে শুভ নিজেও আল আমিনের বোনের সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা করে। এ নিয়ে পারিবারিক ও ব্যক্তিগত বিরোধের সৃষ্টি হয়।

তদন্ত অনুযায়ী, বিরোধের জেরে আল আমিনকে ডেকে নিয়ে যায় শুভ ও সম্রাট। পরে পরিকল্পিতভাবে তাকে শ্বাসরোধে হত্যা করা হয় এবং হত্যার পর মরদেহ বিকৃত করে মাথা বিচ্ছিন্ন করা হয় বলে জানিয়েছে পিবিআই। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও কোনো ব্যক্তি জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।