বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না: রামিসার বাবা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ৩:২৭ অপরাহ্ণ
বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না: রামিসার বাবা

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যার ঘটনায় বিচার ব্যবস্থার প্রতি তীব্র আক্ষেপ প্রকাশ করেছেন তার বাবা আবদুল হান্নান মোল্লা। গণমাধ্যমকর্মীদের সামনে তিনি বলেন, “আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না। আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই।”

তিনি আরও বলেন, “আপনারা বিচার করতে পারবেন না। আমার মেয়েও আর ফিরে আসবে না। আপনাদের বিচারের কোনো উদাহরণ নেই। এটা বড়জোর ১৫ দিন চলবে, তারপর আবার কোনো ঘটনা ঘটবে। এরপর সব ধামাচাপা পড়ে যাবে।”

এর আগে গত মঙ্গলবার রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় প্রতিবেশী সোহেল রানা (৩০) ও তার স্ত্রী স্বপ্নাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম জানান, অভিযুক্ত দম্পতি মাত্র দুই মাস আগে ওই এলাকার একটি ফ্ল্যাটে ভাড়া আসেন।

পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার দিন সকাল সাড়ে ১০টার দিকে রামিসাকে স্কুলে পাঠানোর জন্য খোঁজাখুঁজি করছিলেন তার মা। সে সময় তিনি দেখেন ফ্ল্যাটের দরজার সামনে মেয়েটির স্যান্ডেল পড়ে আছে। দরজায় নক করার সময় ভেতরে ভয়াবহ এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

পুলিশ আরও জানায়, হত্যাকাণ্ডে অভিযুক্ত সোহেল রানাকে পালানোর সুযোগ করে দিতে তার স্ত্রী স্বপ্না দীর্ঘক্ষণ দরজা বন্ধ রাখেন বলে ধারণা করা হচ্ছে। এতে হত্যাকাণ্ড গোপন করার চেষ্টা করা হয়েছে বলে মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, প্রতিবেশীর বিকৃত যৌনলালসার কারণে শিশুটি নির্যাতনের শিকার হয়ে থাকতে পারে। বিষয়টি প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে। পরে আলামত গোপনের উদ্দেশ্যে মরদেহের কিছু অংশ ক্ষতবিক্ষত করা হয়।

তবে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হতে ময়নাতদন্ত ও কেমিক্যাল পরীক্ষার রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ। ঘটনার পর এলাকায় শোক ও ক্ষোভের পাশাপাশি ন্যায়বিচারের দাবি জোরালো হয়েছে।