বাগেরহাটে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ণ
বাগেরহাটে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার (২০ মে) সকালে চুলকাঠির ভট্ট বালিঘাটা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি আব্দুল কাদের (ফকিরহাট উপজেলার জাড়িয়া ভবনা এলাকার বাসিন্দা) এবং তিনি মোটরসাইকেলের চালক ছিলেন।

কাটাখালী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ জানান, সকালে মোংলা থেকে একটি মোটরসাইকেলে তিন আরোহী খুলনার দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলটি ট্রাকের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং আরও দুজন গুরুতর আহত হন।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে দ্রুত বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এজাজুল ইসলাম জানান, দুইজনকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা শেখ মামুনুর রাশিদ দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে বলে জানিয়েছে।