পাবনায় অনলাইন জুয়াচক্রের ৫ সদস্য আটক


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ৪:৫১ অপরাহ্ণ
পাবনায় অনলাইন জুয়াচক্রের ৫ সদস্য আটক

পাবনার আটঘরিয়া উপজেলায় অভিযান চালিয়ে অনলাইন জুয়াচক্রের পাঁচ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দেবোত্তর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—আটঘরিয়া পৌরসভার কন্দর্পপুর মহল্লার শরীফুল ইসলাম সাগর (২২), শান্ত হোসেন (২৫), চক ধলেশ্বর মহল্লার সোহানুর রহমান শাকিব (২২), দেবোত্তর মহল্লার আসাদুল ইসলাম (৩২) এবং উপজেলার হাপানিয়া গ্রামের শরীফুল ইসলাম (৩৬)।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ রাশিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছয়টি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

তিনি বলেন, জব্দ হওয়া মোবাইল ফোনগুলোতে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ ও ওয়েবসাইটে সক্রিয় আইডি এবং লেনদেনের তথ্য পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন ই-ট্রানজেকশন অ্যাপের মাধ্যমে অর্থ লেনদেনের গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্তও উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন যে, তারা পরস্পরের যোগসাজশে ডিজিটাল ডিভাইস ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে তরুণ সমাজের মধ্যে অনলাইন জুয়ার বিস্তার ঘটাচ্ছিলেন। তারা অনলাইন জুয়ার আইডি খোলা, পরিচালনা এবং আর্থিক লেনদেনের কার্যক্রমও পরিচালনা করতেন বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশের ইনচার্জ আরও জানান, এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।