নোয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ৩:৪১ অপরাহ্ণ
নোয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়ন থেকে অহিদা আক্তার শিখা (২১) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ মে) বেলা ১১টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিহত শিখা উপজেলার শোশালিয়া গ্রামের আমজাদ উদ্দিন মুন্সি বাড়ির মোরশেদ আলমের স্ত্রী এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার উত্তর ডল্টা গ্রামের আব্দুল মান্নান মোল্লার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাত থেকে আট মাস আগে শিখার সঙ্গে মোরশেদ আলমের বিয়ে হয়। ঘটনার দিন মঙ্গলবার (২১ মে) বিকেলে শ্বশুরবাড়ির পরিবারের অগোচরে তিনি বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন বলে ধারণা করা হচ্ছে। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই মাইনউদ্দিন বলেন, “আমি বোনের মরদেহ নিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে এসেছি। আমাদের কোনো অভিযোগ নেই। আপনারা পুলিশের সঙ্গে কথা বলেন। অভিযোগ থাকলে পরে জানাব।”

চাটখিল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা হিসেবে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, গৃহবধূ ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। ঘটনার পর স্বামী তাকে হাসপাতালে নিয়ে যান। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হলেও সংশ্লিষ্টতা না পাওয়ায় ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে ওই গৃহবধূ মানসিকভাবে কিছুটা সমস্যাগ্রস্ত ছিলেন বলে জানা গেছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।