ওমান থেকে ফিরলেন কফিনবন্দী হয়ে, পাশাপাশি কবরে শায়িত হবেন ৪ ভাই


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ১২:১৬ অপরাহ্ণ
ওমান থেকে ফিরলেন কফিনবন্দী হয়ে, পাশাপাশি কবরে শায়িত হবেন ৪ ভাই

ওমানের দক্ষিণ আল বাতিনাহ গভর্নরেট-এর মুলাদ্দা এলাকায় গাড়ির ভেতরে মৃত্যুবরণ করা চার প্রবাসী বাংলাদেশি ভাইয়ের মরদেহ দেশে এসে পৌঁছেছে। একসঙ্গে চার ভাইয়ের এমন করুণ মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে চট্টগ্রাম-এর রাঙ্গুনিয়া উপজেলা এলাকায়।

মঙ্গলবার (১৯ মে) রাত ৮টা ১৫ মিনিটে মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ফ্লাইট বিজি-৭২২ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছে।

বিমানবন্দরে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। তিনি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং দ্রুত মরদেহ দেশে আনার ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দূতাবাসের উদ্যোগের প্রশংসা করেন।

এ ছাড়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-এর পক্ষ থেকে মরদেহ পরিবহন ও দাফনের জন্য প্রত্যেক পরিবারকে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, রাতেই মরদেহগুলো রাঙ্গুনিয়ায় নেওয়া হয়। বুধবার (২০ মে) সকাল ১১টায় নেছারাবাদ লালানগর উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে গ্রামের বাড়িতে পাশাপাশি চারটি কবর খনন করা হয়েছে।

একসঙ্গে চার ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোক ও শূন্যতা নেমে এসেছে। স্বজন ও স্থানীয়রা এমন মর্মান্তিক ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন।