অবৈধ বালু উত্তোলনে সৃষ্ট গর্তে পড়ে ভাই-বোনের মৃত্যু


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ৩:০৮ অপরাহ্ণ
অবৈধ বালু উত্তোলনে সৃষ্ট গর্তে পড়ে ভাই-বোনের মৃত্যু

দিনাজপুরের ফুলবাড়ীতে বালু উত্তোলনের কারণে তৈরি হওয়া পুকুরসদৃশ গভীর গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো ভাই-বোন—সাবিহা (৪.৫) ও সিয়াম (৩)। বুধবার (২০ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের খয়েরবাড়ী বাজার এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশুরা ওই এলাকার শাহিন আলমের সন্তান। স্থানীয়দের বরাতে জানা গেছে, সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে দুই শিশু অসাবধানতাবশত বালু উত্তোলনের ফলে তৈরি হওয়া পানিভর্তি গভীর গর্তে পড়ে যায়। দীর্ঘ সময় তাদের খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয় বলে নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক আলিফ মো. নুরে আলম সায়েদী। পরে বিষয়টি ফুলবাড়ী থানাকে জানানো হয়।

স্থানীয় খয়েরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোবাদ হোসেন সরকার বলেন, বাড়ির পাশের মাঠের উত্তরে দীর্ঘদিন ধরে বালু উত্তোলনের কারণে একটি গভীর গর্ত তৈরি হয়েছিল, যেখানে বৃষ্টির পানি জমে পুকুরের মতো অবস্থার সৃষ্টি হয়। তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে ছোট ছেলে সিয়াম প্রথমে ওই গর্তে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে বড় বোন সাবিহাও সেখানে পড়ে ডুবে যায়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। প্রতিবেশীরাও এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোছা. শাপলা বেগম জানান, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।