
“রাগ করলা, কথা ঠিক না বেঠিক?”—সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই ভাইরাল হওয়া এই সংলাপ এখন ফেসবুক, টিকটক ও ইউটিউবে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে। অনেকেই এটিকে কোনো বাস্তব কবিরাজের কথা মনে করলেও অনুসন্ধানে জানা গেছে, এটি মূলত একটি কনটেন্ট এবং এর পেছনের ব্যক্তি একজন পেশাদার কনটেন্ট ক্রিয়েটর।
ভাইরাল হওয়া “কবিরাজ” চরিত্রে অভিনয় করেছেন ঈমান আলী। তিনি বর্তমানে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় বসবাস করছেন। প্রায় দুই দশকেরও বেশি আগে তিনি লালমনিরহাট থেকে গাজীপুরে আসেন। বর্তমানে তিনি বিভিন্ন নাট্যদল ও কনটেন্ট নির্মাতাদের সঙ্গে যুক্ত থেকে ভিডিও তৈরি করেন।
স্থানীয়রা জানান, ঈমান আলী বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে সামাজিক সচেতনতা ও বিনোদনমূলক ভিডিও নির্মাণ করেন। তবে সাম্প্রতিক একটি ভিডিওতে তার বলা সংলাপ “রাগ করলা, কথা ঠিক না বেঠিক?” দ্রুতই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে এবং ভাইরাল ট্রেন্ডে পরিণত হয়।
ভিডিওটিতে তার অভিনয়, বাচনভঙ্গি ও বিশেষ অভিব্যক্তি দর্শকদের নজর কাড়ে। অল্প সময়ের মধ্যেই ভিডিওটি লাখ লাখ ভিউ ও শেয়ারের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর থেকেই বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটর ও সাধারণ ব্যবহারকারীরা এই সংলাপ ব্যবহার করে নতুন নতুন ভিডিও তৈরি করছেন।
ঈমান আলী জানান, তিনি কোনো কবিরাজ নন, বরং এটি ছিল একটি অভিনীত চরিত্র। তার ভাষায়, “আমি অনেক আগে থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত। এটি মূলত বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা একটি ভিডিও ছিল।”
তিনি আরও জানান, একসময় বাস্তব জীবনে এক কবিরাজের কাছে গিয়ে প্রতারিত হওয়ার অভিজ্ঞতা থেকেই তার এই কনটেন্টের ধারণা আসে। সেই অভিজ্ঞতাকে কেন্দ্র করেই তিনি কবিরাজ চরিত্রে একটি ভিডিও তৈরি করেন, যাতে মানুষকে প্রতারণা থেকে সতর্ক করা যায়।
স্থানীয়দের ভাষ্য, ঈমান আলী দীর্ঘদিন ধরে কনটেন্ট নির্মাণের সঙ্গে যুক্ত থাকলেও একটি মাত্র ভিডিও তাকে ব্যাপক পরিচিতি এনে দিয়েছে। ভাইরাল হওয়া এই সংলাপ এখন দেশের বিভিন্ন জায়গায় নতুন ট্রেন্ড হিসেবে ছড়িয়ে পড়েছে।
আপনার মতামত লিখুন :