ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত ১


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৯, ২০২৬, ১২:২৪ অপরাহ্ণ
ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত ১

বগুড়ার দুপচাঁচিয়ায় জমিতে ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১৮ মে) রাত ৯টার দিকে উপজেলার গুনাহার ইউনিয়নের ঝাজিড়া বাঙালি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মানিক চৌধুরী (৫০) ঝাজিড়া গ্রামের আহম্মদ আলীর ছেলে। তিনি পেশায় একজন মাংস বিক্রেতা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে নিহত মানিক চৌধুরীর ভাই বুলুন চৌধুরীর একটি ছাগল স্থানীয় যুবক কাকরুলের ঘাসের জমিতে ঢুকে পড়ে এবং ঘাস খায়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সকালে বাকবিতণ্ডা হয়।

এর জেরে রাতে মানিক চৌধুরী ঝাজিড়া বাঙালি বাজারে গেলে কাকরুল, তার ভাতিজা রেজাউলসহ কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলায় গুরুতর আহত হন মানিক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানান, সামান্য বিষয়কে কেন্দ্র করে এমন মর্মান্তিক ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ বিষয়ে তাজমিলুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।