লঞ্চে নিয়ে তরুণীকে ধ’র্ষ’ণের পর ঢাকায় রেখে পালিয়ে যায় সৌরভ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৯, ২০২৬, ৯:৩৭ অপরাহ্ণ
লঞ্চে নিয়ে তরুণীকে ধ’র্ষ’ণের পর ঢাকায় রেখে পালিয়ে যায় সৌরভ

বিয়ের আশ্বাস দিয়ে এক তরুণীকে ঢাকায় নিয়ে গিয়ে লঞ্চে ধর্ষণের অভিযোগে সৌরভ হোসেন খাঁ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) রাত ১২টার দিকে ঢাকার লালবাগ থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার (১৯ মে) তাকে বরিশালের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার সৌরভ হোসেন খাঁ (২০) বরিশালের হিজলা উপজেলা-র হরিনাথপুর ইউনিয়নের গঙ্গাপুর গ্রামের বাসিন্দা। তিনি হানিফ খাঁর ছেলে।

পুলিশ জানায়, হিজলা থানার এসআই (নিরস্ত্র) আবুল বাশারের নেতৃত্বে ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক ১৬ বছর বয়সী তরুণীকে ঢাকায় নিয়ে যায় সৌরভ। পরে বরিশাল-ঢাকা নৌপথে চলাচলকারী একটি লঞ্চে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর ওই তরুণীকে ঢাকায় রেখে পালিয়ে যায় অভিযুক্ত।

পরবর্তীতে ভুক্তভোগী তরুণী ঢাকায় থেকে ফিরে এলে তার মা বাদী হয়ে হিজলা থানা-য় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে ঢাকার লালবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর মঙ্গলবার তাকে বরিশাল দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, “ধর্ষক, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের এ মাটিতে থাকতে দেওয়া হবে না। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা ও অন্যান্য আলামত সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।