
রাজধানীর রমনা এলাকার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এসি মেরামতের কাজ করার সময় ভয়াবহ বিস্ফোরণে তিনজন টেকনিশিয়ান দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) দুপুরে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। আহতদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন মামুন (৩০), রসূল (৩০) এবং রতন চন্দ্র (৩২)। প্রত্যক্ষদর্শী ও সহকর্মীরা জানান, তারা ইনস্টিটিউটের হল রুমের ছাদের ওপর একটি এসি ইউনিট মেরামতের কাজ করছিলেন। এ সময় হঠাৎ এসির কম্প্রেসার পাইপে ত্রুটি দেখা দিলে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ধরে যায়। এতে পাশে থাকা তিনজন টেকনিশিয়ান গুরুতরভাবে দগ্ধ হন।
তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আহতদের মধ্যে মামুনের শরীরের প্রায় ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে রসূলের ৬ শতাংশ ও রতন চন্দ্রের ৭ শতাংশ শরীর দগ্ধ হয়েছে। তাদের মধ্যে রসূল ও রতন প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কীভাবে এসি মেরামতের সময় এমন বিস্ফোরণ ঘটলো, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আপনার মতামত লিখুন :