
রংপুরের পীরগঞ্জ উপজেলায় “জনবান্ধব ও সহজ ভূমি সেবা নিশ্চিতের লক্ষ্যে” বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে “ভূমিমেলা-২০২৬।” উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটাল ও জনবান্ধব করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। অনলাইনে নামজারি, ই-নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর (খাজনা) প্রদানসহ বিভিন্ন সেবা সহজীকরণের ফলে সাধারণ মানুষ দ্রুত ও স্বচ্ছভাবে সেবা পাচ্ছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. পপি খাতুন, সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ নজমূল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী। এছাড়াও জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
বক্তারা আরও বলেন, ভূমিসেবা বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতেই এ মেলার আয়োজন করা হয়েছে। ভূমিমেলার মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি সেবা গ্রহণ ও প্রয়োজনীয় তথ্য জানার সুযোগ পাচ্ছেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভূমি সেবা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, সহজ ও জনবান্ধব করে তুলবে এবং জনগণের আস্থা বৃদ্ধি করবে।
আপনার মতামত লিখুন :