বাগেরহাটের মোরেলগঞ্জে এক বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। হত্যার পর তার ডান হাত কেটে নিয়ে যাওয়ার ঘটনাও জানিয়েছে পরিবার। সোমবার (১৮ মে) উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে।
নিহত মিন্টু শেখ ওরফে মিঠু শেখ (৪৫) বৌলপুর গ্রামের ওহেদ শেখের ছেলে। তিনি স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে বাড়ির পাশের কলাক্ষেতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন মিঠু শেখ। পথে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মিঠু শেখের পরিবারে স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে।
নিহতের ভাই মিজান শেখ অভিযোগ করে বলেন, হামলাকারীরা মিঠু শেখের ডান হাত কেটে নিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইয়াদ বলেন, মিঠু শেখ হোগলাপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন। এ নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুর রহমান বলেন, হত্যাকাণ্ডের পরপরই পুলিশ অভিযান শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :