পঞ্চগড়ে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ শুরু


পঞ্চগড় জেলা প্রতিনিধি, মার্শাদুল ইভেন প্রকাশের সময় : মে ১৯, ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ
পঞ্চগড়ে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ শুরু

পঞ্চগড়ে জনসচেতনতা বৃদ্ধি ও ভূমিসেবা সহজীকরণের লক্ষ্যে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, একজন কৃষকের জন্য এক খণ্ড জমি শুধু সম্পদ নয়, বরং তার পরিবার, জীবিকা ও ভবিষ্যতের প্রধান অবলম্বন। অতীতে জমির খতিয়ান, পর্চা, মিউটেশন কিংবা রেকর্ড তুলতে সাধারণ মানুষকে দীর্ঘ সময় ভোগান্তি পোহাতে হতো এবং অনেক ক্ষেত্রে দালালচক্রের শিকার হতে হতো। বর্তমান সরকারের ভূমিসেবা কার্যক্রমের মাধ্যমে এসব দুর্ভোগ কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের প্রায় ৪১ শতাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভূমির ওপর নির্ভরশীল। কৃষকদের আরও জনবান্ধব সেবা দিতে সরকার ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক ও সহজ করার উদ্যোগ নিয়েছে।

জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে আয়োজিত র‌্যালি ও আলোচনা সভায় প্রতিমন্ত্রী প্রধান অতিথি হিসেবে অংশ নেন। পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার সিফাত ই রাব্বানী, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সীমা সারমিনসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।