নৌকাসহ ৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৯, ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ণ
নৌকাসহ ৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে দুটি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকাসহ চার বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। সোমবার (১৮ মে) দুপুরে এ ঘটনা ঘটে। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম অনিক চৌধুরী

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার সকালে নাফ নদীতে মাছ ধরতে যান কয়েকজন জেলে। দুপুরের দিকে একটি কালো স্পিডবোটে করে এসে আরাকান আর্মির সশস্ত্র সদস্যরা জেলেদের ঘিরে ফেলে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে দুটি মাছ ধরার নৌকাসহ চার জেলেকে তুলে নিয়ে যাওয়া হয়। অপহৃত জেলেরা হলেন টেকনাফ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জালিয়াপাড়া এলাকার বাসিন্দা আবু তাহেরের ছেলে মো. মুফিজ (২৬), জাহাঙ্গীর আলমের ছেলে মোহাম্মদ ইয়াছিন (১৮) এবং জাফর আলমের ছেলে মোহাম্মদ জামাল হোসেন (৪০)। অপর এক জেলের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

টেকনাফ পৌরসভার ১ নম্বর সুইচঘাট মৎস্য কমিটির সভাপতি মোহাম্মদ শহিদ জানান, জেলেরা নাফ নদীর সীমান্তঘেঁষা এলাকায় মাছ ধরছিলেন। এ সময় আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করে মিয়ানমারের কাইচ্যং খালের দিকে নিয়ে যায়। স্থানীয় জেলে সুলাইমান ও নুরুল বশর জানান, নদীতে মাছ ধরার সময় হঠাৎ করে স্পিডবোটে আসা সশস্ত্র ব্যক্তিরা জেলেদের লক্ষ্য করে অস্ত্র তাক করে এবং পরে তাদের নৌকাসহ অপহরণ করে নিয়ে যায়।

অপহৃত জেলে মো. জামাল হোসেনের স্ত্রী রিনা আক্তার বলেন, তার স্বামীই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এদিকে একের পর এক অপহরণের ঘটনায় স্থানীয় জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শাহ পরীর দ্বীপ জালিয়া পাড়া মৎস্য সমিতির সভাপতি আব্দুল গনি দ্রুত অপহৃতদের উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম অনিক চৌধুরী বলেন, বিষয়টি জানা গেছে এবং এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। একই সঙ্গে বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশবাংলাদেশ কোস্ট গার্ড-কে অবহিত করা হয়েছে।