দিনাজপুরে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং


দিনাজপুর জেলা প্রতিনিধি, চন্দন ‌ মিত্র   প্রকাশের সময় : মে ১৯, ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ
দিনাজপুরে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের প্রচার কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে দিনাজপুরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে প্রেস ব্রিফিং করেছে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টায় দিনাজপুর জেলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

ব্রিফিংয়ে জানানো হয়, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, কৃষি ঋণ মওকুফ, নারীদের জন্য গাড়ি বিতরণ এবং বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, এসব কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে গত ১৬ মার্চ কাহারোল উপজেলা-এ খাল খনন কার্যক্রম উদ্বোধন, ১০ মার্চ রাজধানীর কড়াইল বস্তি-এ ফ্যামিলি কার্ড বিতরণ এবং ১৪ এপ্রিল টাঙ্গাইল জেলা-এ কৃষক কার্ড কার্যক্রম উদ্বোধনের তথ্য তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল মতিন, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সিদ্দিকুর জামান নয়ন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আফজাল হোসাইন এবং জেলা তথ্য অফিসার সাদিয়া আফরিন শোফা। অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।