দিনাজপুরে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ৪


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৯, ২০২৬, ৩:৪৩ অপরাহ্ণ
দিনাজপুরে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ৪

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় করতোয়া নদীর তীরে গোপনে বসা জুয়ার আসরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বুলাকিপুর ইউনিয়নের সালিকাদহ ঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রবিউল ইসলাম (৩৩), রেজাউল করিম (৩৫), আবেদ আলী (৬০) ও সাদিকুল ইসলাম (৩৫)।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে নদীর নিরিবিলি ওই এলাকায় গোপনে জুয়ার আসর চলছিল। রাত গভীর হওয়ার পর বিভিন্ন এলাকা থেকে লোকজন সেখানে জড়ো হয়ে টাকা দিয়ে পাশা খেলায় অংশ নিতেন। গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় আরও কয়েকজন পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতেও একইভাবে জুয়ার আসর চলছিল। গোল হয়ে বসে খেলায় মগ্ন ছিলেন অংশগ্রহণকারীরা। হঠাৎ পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে হুড়োহুড়ি শুরু হয়। অনেকে পাশা ও নগদ টাকা ফেলে পালানোর চেষ্টা করেন।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে নগদ ৭ হাজার ৩০০ টাকা, তিনটি ডাব্বু, ১৮টি ফরগুটি ও একটি ফরদি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি শহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় অজ্ঞাত আরও ৮–১০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।