ঢাকায় হাসপাতালে হাসপাতালে বসানো হচ্ছে ‘পাগলা ঘণ্টা’, ঘটনা কী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৯, ২০২৬, ৬:১৩ অপরাহ্ণ
ঢাকায় হাসপাতালে হাসপাতালে বসানো হচ্ছে ‘পাগলা ঘণ্টা’, ঘটনা কী

রাজধানীর সরকারি বড় হাসপাতালগুলোতে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলার জন্য সেন্ট্রাল ইমার্জেন্সি অ্যালার্ম সিস্টেম বা ‘পাগলা ঘণ্টা’ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল

মঙ্গলবার (১৯ মে) রাজধানীর তেজগাঁওয়ের কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি)-এ অনুদান হিসেবে পাওয়া ভেন্টিলেটর ও অন্যান্য চিকিৎসা যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে জরুরি পরিস্থিতি তৈরি হলে দ্রুত নিরাপত্তা সহায়তা নিশ্চিত করতে ‘কোড ব্লু’ বা সেন্ট্রাল ইমার্জেন্সি অ্যালার্ম ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রথম ধাপে এই ব্যবস্থা চালু করা হবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল-এ।

তিনি আরও জানান, মহাখালী এলাকায় স্বাস্থ্যসংশ্লিষ্ট স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করতে পৃথক পুলিশ ক্যাম্প স্থাপনের পরিকল্পনাও রয়েছে। এতে চিকিৎসক ও রোগীদের নিরাপত্তা আরও নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী দেশের স্বাস্থ্যখাতে উন্নয়নের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন। তিনি জানান, দেশের ১০টি জেলা সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) জন্য একটি করে শিশু ভেন্টিলেটর সরবরাহ করা হয়েছে। ঈদুল আজহার ছুটি শেষে এক সপ্তাহের মধ্যেই এসব নতুন আইসিইউ ইউনিট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিএমএসডি প্রতিনিধি এবং চিকিৎসা বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। তারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নতুন অ্যালার্ম সিস্টেম চালু হলে সরকারি হাসপাতালে জরুরি পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা যাবে এবং চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত হবে।