
বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের একদিনের মাথায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মতলব দক্ষিণ উপজেলার আহ্বায়ক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনকে (কমান্ডার) বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা ইউনিট কমান্ড।
সোমবার (১৮ মে) জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীনতা যুদ্ধের বিরোধী রাজনৈতিক দল হিসেবে পরিচিত বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করায় মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্রের ধারা ২৯ (ঙ) অনুযায়ী তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে জেলা মুক্তিযোদ্ধা সংসদের জরুরি সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মো. নঈম জাহাঙ্গীরের টেলিফোন নির্দেশনা এবং জেলা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম রবের অনুমতিক্রমে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ।
সভায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যরা সর্বসম্মতিক্রমে মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন। একই সঙ্গে বিষয়টি কেন্দ্রীয় কাউন্সিলকে অবহিত করে চিঠি পাঠানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এর আগে শনিবার (১৬ মে) রাতে মতলব কমিউনিটি সেন্টারে আয়োজিত যুব ও সুধী সমাবেশে ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন। এ সময় তিনি দলের সহযোগী সদস্য ফরম পূরণ করে দলীয় আদর্শ ও কর্মসূচির প্রতি সমর্থন জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারি ও চাঁদপুর-২ আসনের দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুল মুবিন। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াত নেতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জামায়াতে যোগদানের পর জসিম উদ্দিন বলেন, “আল্লাহর আইন ও কোরআন-সুন্নাহর ভিত্তিতে দেশ পরিচালিত হোক—এই প্রত্যাশা থেকেই আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।”
আপনার মতামত লিখুন :