
গাইবান্ধায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় ঢাকার তেজগাঁওয়ের ভূমি ভবন থেকে কেন্দ্রীয়ভাবে ভার্চুয়ালি এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময়ে গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য আব্দুল করিম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) মোহা: জাহাঙ্গীর আলম বাবুসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ভূমিসেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষ এক জায়গায় ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান (পর্চা), জমির ম্যাপসহ বিভিন্ন সেবা সম্পর্কে তথ্য জানতে পারবেন। পাশাপাশি ১৬১২২ নম্বরে ফোন করে ভূমিসেবা সংক্রান্ত তথ্য ও অভিযোগ জানানো যাবে বলেও জানানো হয়।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। তিনদিনব্যাপী এ মেলা ২১ মে পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :