
কক্সবাজারের উখিয়ার লাম্বাশিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪৩ হাজার ৬০০ পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ২৭ রাউন্ড গুলিসহ তিনজনকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
সোমবার (১৮ মে) রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-১ (ইস্ট) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ১৪ এপিবিএন’র অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন এবং পুলিশ পরিদর্শক জানে আলম মুনশী।
অভিযানে মো. জাহিদ হোসেন (৩৮)-এর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ২৭ রাউন্ড গুলি এবং ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া নুর সেহেরা (১৮) নামে এক নারীর কাছ থেকে ২ হাজার পিস এবং আব্দুল হামিদ (৩২)-এর কাছ থেকে আরও ১ হাজার ৬০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
আটকদের কাছ থেকে মোট উদ্ধার হওয়া ইয়াবার পরিমাণ ৪৩ হাজার ৬০০ পিস, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৫ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে এপিবিএন।
কর্তৃপক্ষ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক ও অস্ত্রবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
আপনার মতামত লিখুন :