ওমানে নিহত ৪ ভাইয়ের লাশ দেশে ফিরবে আজ, প্রস্তুত কবর


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৯, ২০২৬, ৫:৫০ অপরাহ্ণ
ওমানে নিহত ৪ ভাইয়ের লাশ দেশে ফিরবে আজ, প্রস্তুত কবর

ওমানে গ্যাস বিস্ফোরণে প্রাণ হারানো একই পরিবারের চার ভাইয়ের মরদেহ আজ রাতেই দেশে ফিরছে। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার নিজ গ্রামে ইতোমধ্যে তাদের দাফনের জন্য কবর খোঁড়া হয়েছে। বুধবার (২০ মে) তাদের জানাজা ও দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

নিহত চার ভাই হলেন—রাশেদুল ইসলাম, সাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম। তারা উপজেলার লালানগর ইউনিয়নের বন্দারাজ পাড়া এলাকার মৃত জামাল উদ্দিনের সন্তান। গত ১৩ মে ওমানের আল বাতিনাহ অঞ্চলে গাড়ির এসির বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয় বলে জানা যায়।

পরিবারের সদস্য এনামুল হক এনাম জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছানোর কথা রয়েছে। এরপর আনুষ্ঠানিকতা শেষে রাত ১০টার দিকে ফ্রিজার অ্যাম্বুলেন্সে মরদেহগুলো রাঙ্গুনিয়ার উদ্দেশে রওনা হবে। সবকিছু ঠিক থাকলে বুধবার সকাল ৭টা থেকে ৮টার মধ্যে মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছাবে।

তিনি আরও জানান, বুধবারই স্থানীয় হোসনাবাদ লালানগর উচ্চবিদ্যালয় মাঠে চার ভাইয়ের একসঙ্গে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাদের পারিবারিক কবরস্থানে পাশাপাশি চারটি কবরেই দাফন সম্পন্ন করা হবে।

এদিকে মরদেহ দেশে আনার সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় দ্রুত প্রক্রিয়া শেষ করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি মো. ইয়াসিন চৌধুরী।

তিনি বলেন, মরদেহ পরিবহনের সম্পূর্ণ ব্যয় সরকার বহন করছে। পাশাপাশি দাফনের প্রস্তুতি, কাফন, গোসলসহ সব ব্যয় প্রবাসী সংগঠনের পক্ষ থেকেও বহন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চার ভাইয়ের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো, এখনো তাদের বৃদ্ধা মাকে পুরোপুরি মৃত্যুর খবর জানানো হয়নি। পরিবার ও স্বজনরা শোক সামলে শেষ বিদায়ের প্রস্তুতি নিচ্ছেন।