
রাজশাহী-তে নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে দূরপাল্লা ও আন্তঃজেলা সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে গেছে। আকস্মিক এই সিদ্ধান্তে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার পর শ্রমিকদের একটি অংশ বাস চলাচল বন্ধ করে দেয়। এরপর থেকে রাজশাহী মহানগরের কোনো টার্মিনাল থেকেই নির্ধারিত রুটে বাস ছেড়ে যায়নি। হঠাৎ পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় অনেক যাত্রীই বাসস্ট্যান্ডে এসে ফিরে যেতে বাধ্য হন।
শ্রমিকদের অভিযোগ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রোববার রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করে। এতে রফিকুল ইসলাম পাখি-কে সভাপতি এবং মোমিনুল ইসলাম মোমিন-কে সাধারণ সম্পাদক করা হয়।
তবে নির্বাচন ছাড়া এই কমিটি ঘোষণার প্রতিবাদে শ্রমিকদের একটি অংশ আন্দোলনে নামে। তাদের দাবি, ঘোষিত কমিটি বাতিল করে তিন মাসের জন্য আহ্বায়ক কমিটি গঠন এবং দ্রুত নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করতে হবে।
হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। ঢাকাগামী যাত্রী রবিউল ইসলাম বলেন, নির্ধারিত সময়ের আগেই এসে দেখি কাউন্টার বন্ধ, কোনো বাস নেই।
আরেক যাত্রী সানোয়ার হোসেন জানান, আগে থেকেই টিকিট কেটে রেখেছিলেন, কিন্তু হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন। ঢাকায় অফিসের কাজে যাচ্ছিলেন আব্দুল কাদের। তিনি বলেন, কোনো পূর্বঘোষণা ছাড়াই বাস বন্ধ হয়ে যাওয়ায় তার সব পরিকল্পনা ভেস্তে গেছে।
এর আগে গত ২৩ এপ্রিল রাজশাহীর শিরোইল এলাকায় শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি স্বাভাবিক করতে সমঝোতার ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়। বর্তমান পরিস্থিতিতে বাস চলাচল স্বাভাবিক করতে আলোচনা চলছে বলে জানিয়েছেন নবনির্বাচিত কমিটির সভাপতি রফিকুল ইসলাম পাখি। তবে কবে নাগাদ পরিবহন চলাচল স্বাভাবিক হবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।
আপনার মতামত লিখুন :