বিয়ের একমাসের মাথায় প্রেমিকের সঙ্গে পালালেন নববধূ, ৩ দিন পর মিলল মরদেহ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৮, ২০২৬, ৭:১২ অপরাহ্ণ
বিয়ের একমাসের মাথায় প্রেমিকের সঙ্গে পালালেন নববধূ, ৩ দিন পর মিলল মরদেহ

টাঙ্গাইলের ঘাটাইলে বিয়ের মাত্র এক মাসের মাথায় প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার তিন দিন পর সূচনা (২০) নামে এক নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ মে) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সূচনা ঘাটাইল উপজেলার আইনপুর গ্রামের সোহরাব আলীর মেয়ে। তার মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ও রহস্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, সূচনাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাদের দাবি, পালিয়ে যাওয়ার পর সূচনা শহরের কলেজপাড়া এলাকায় প্রেমিক সাওয়ালের চাচা ও ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাবুর বাসায় অবস্থান করছিলেন। সেখানে তাকে হত্যা করার পর মরদেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে সবাই সেখান থেকে পালিয়ে যায়।

নিহতের পরিবার জানায়, প্রায় এক মাস আগে মধুপুর উপজেলার মাইজবাড়ি গ্রামের আলমের সঙ্গে সূচনার বিয়ে হয়। পরে গত ১৪ মে রাতে ঘাটাইল উপজেলার সত্তুরবাড়ি গ্রামের সরোয়ারের ছেলে প্রেমিক সাওয়ালের সঙ্গে তিনি শ্বশুরবাড়ি থেকে পালিয়ে যান। এ ঘটনায় দুই পরিবারের মধ্যে সমঝোতার চেষ্টা চলছিল বলে জানা যায়। পরিবারের ভাষ্যমতে, সমঝোতার অংশ হিসেবে শনিবার রাতে সূচনা ও সাওয়ালকে ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাবুর বাসায় রাখা হয়। পরদিন রোববার বিকেলে সেখান থেকেই ঝুলন্ত অবস্থায় সূচনার মরদেহ উদ্ধার করা হয় এবং দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা সোহরাব আলী অভিযোগ করে বলেন, “আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এর সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।” অন্যদিকে ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাবু দাবি করেন, সমঝোতার উদ্দেশ্যে সূচনা ও সাওয়ালকে তার বাসায় রাখা হয়েছিল। ঘটনার সময় তিনি বাসায় উপস্থিত ছিলেন না বলে জানান তিনি।

এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) প্রভাষ কুমার বসু বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।