মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা করলেন ছেলে


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৮, ২০২৬, ৯:৩৫ অপরাহ্ণ
মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা করলেন ছেলে

চাঁদপুরের সদর উপজেলায় মাদকের টাকা না পেয়ে নিজ মাকে হত্যার অভিযোগে মো. রাকিব (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (১৭ মে) রাতে সদর উপজেলার বালিয়া ইউনিয়নের সাদেক খান বাড়িতে এ ঘটনা ঘটে।

সোমবার (১৮ মে) সকালে স্থানীয়দের সহায়তায় চাঁদপুর মডেল থানার পুলিশ অভিযুক্ত রাকিবকে আটক করে।

নিহত নারীর নাম জান্নাত বেগম। পারিবারিক সূত্রে জানা গেছে, তার স্বামী আব্বাস খান দ্বিতীয় বিয়ে করে ঢাকায় বসবাস করতেন। প্রায় দেড় বছর ধরে স্বামীর সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। জান্নাত বেগম তার দুই ছেলে রাকিব (২৪) ও রিফাতকে (১১) নিয়ে বাবার বাড়িতে বসবাস করতেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাকিব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং মাদকের টাকার জন্য প্রায়ই মায়ের ওপর নির্যাতন চালাতেন। ঘটনার দিনও তিনি মায়ের কাছে টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে কাঠের টুকরো দিয়ে মায়ের মাথায় আঘাত করে তাকে ফেলে রেখে চলে যান বলে অভিযোগ উঠেছে।

পরে রাকিব সকালে বাড়িতে এসে চিৎকার করে জানান, তার মা অসুস্থ হয়ে মারা গেছেন। পরিবারের সদস্যরা তখন দাফনের প্রস্তুতি নিতে থাকেন। তবে মরদেহ গোসল করানোর সময় মাথায় আঘাতের চিহ্ন দেখতে পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাকিবকে আটক করে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, ঘটনাটি তদন্ত করছেন এসআই আওলাদ হোসেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় এবং পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মাদকাসক্তির ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।