
ভাঙ্গা-য় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চলন্ত একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। সোমবার ভোররাত ৫টার দিকে এক্সপ্রেসওয়ের আতাদি ফ্লাইওভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. সোহেল খান জানান, ঢাকাগামী গাছের চারা বোঝাই একটি ট্রাকের পেছনে দ্রুতগতির একটি মাছবোঝাই ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে মাছবোঝাই ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকে থাকা দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতরা মাছবাহী ট্রাকটির চালক ও হেলপার।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি জব্দ করা হয়েছে।
এসআই সোহেল খান আরও জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একইসঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :