বাসের ধাক্কায় যাত্রীর মৃত্যু, যাত্রীছাউনিতে মিলল পলাতক চালকের মরদেহ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৮, ২০২৬, ৫:৩৩ অপরাহ্ণ
বাসের ধাক্কায় যাত্রীর মৃত্যু, যাত্রীছাউনিতে মিলল পলাতক চালকের মরদেহ

খাগড়াছড়ির রামগড়-জালিয়াপাড়া সড়কে শ্যামলী পরিবহণের একটি নৈশকোচের খোলা দরজার আঘাতে এক যাত্রীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। এদিকে দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া ওই বাসের চালকের মরদেহ একটি যাত্রীছাউনি থেকে উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৭ মে) রাত ১২টার দিকে রামগড়-জালিয়াপাড়া সড়কের চাষীনগর এলাকায় শান্তি পরিবহণের একটি নৈশবাসের চাকা বিস্ফোরিত হয়। এতে যাত্রীরা বাস থেকে নেমে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় ঢাকাগামী শ্যামলী পরিবহণের একটি এসি নৈশকোচ দ্রুতগতিতে এসে পাশ দিয়ে যাওয়ার সময় খোলা দরজার আঘাতে দাঁড়িয়ে থাকা কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। ঘটনাস্থলেই শাহ আলম (৩৫) নামে এক যাত্রী নিহত হন।

নিহত শাহ আলম খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। আহতরা হলেন জুনায়েত (২৫) ও রুবেল কর্মকার (৩৫)। দুর্ঘটনার পর শ্যামলী বাসের চালকসহ স্টাফরা গাড়ি ফেলে পালিয়ে যান। পরে সোমবার (১৮ মে) সকালে নাকাপা বাজার এলাকার একটি যাত্রীছাউনি থেকে চালক মো. রব শেখ (৪৫)-এর মরদেহ উদ্ধার করে পুলিশ।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদেরও চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনি বলেন, দুর্ঘটনার পর বাসটি ফেলে চালক ও স্টাফরা পালিয়ে যান। পরে চালক রব শেখ নাকাপা বাজার এলাকার যাত্রীছাউনিতে গিয়ে পোশাক পরিবর্তন করেন এবং বেঞ্চে শুয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যেই তিনি স্ট্রোক করে মারা যান। মরদেহের পাশে পাওয়া এনআইডি ও ড্রাইভিং লাইসেন্স দেখে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।