বনরক্ষীর গুলিতে নিহত জেলের মরদেহ নিয়ে বনবিভাগের অফিসে হামলা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৮, ২০২৬, ৯:০৯ অপরাহ্ণ
বনরক্ষীর গুলিতে নিহত জেলের মরদেহ নিয়ে বনবিভাগের অফিসে হামলা

সুন্দরবনে বনবিভাগের সদস্যদের গুলিতে জেলে আমিনুর রহমান গাজী (৪৫) নিহত হওয়ার ঘটনায় সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নিহতের মরদেহ নিয়ে স্থানীয় এলাকাবাসী বনবিভাগের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে। এ ঘটনায় অন্তত পাঁচ বনকর্মী আহত হয়েছেন।

সোমবার (১৮ মে) বিকেলে সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী রেঞ্জ অফিসে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে নিহত জেলে আমিনুর রহমানের মরদেহ নিয়ে শত শত মানুষ লাঠিসোঁটা হাতে বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জ অফিস ও বুড়িগোয়ালিনী স্টেশন অফিসে হামলা চালায়। বিক্ষুব্ধ জনতা অফিসের ভেতরে ঢুকে কর্মীদের খুঁজে খুঁজে মারধর করে এবং বিভিন্ন আসবাবপত্র ও স্থাপনা ভাঙচুর করে।

এ ঘটনায় বনবিভাগের তপন, মেজবাহ, ফারুক, এখলাছুর ও ফায়জুর নামে পাঁচ কর্মী আহত হন। পরে তাদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বনবিভাগের অফিসের সামনেই নিহত আমিনুরের মরদেহ রাখা ছিল। ঘটনার পর কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাজীব ও শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক বলেন, বনকর্মীরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। হামলায় অফিসের বিভিন্ন কক্ষ ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে। তিনি আরও জানান, আমিনুরের মৃত্যুর ঘটনাটি সাতক্ষীরা রেঞ্জে নয়, সুন্দরবনের খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের পাটকোস্টা হেলাবাসী অভয়ারণ্য এলাকায় ঘটেছে। নিহত আমিনুর শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের বাসিন্দা।

উল্লেখ্য, সোমবার সকালে সুন্দরবনে বনবিভাগের সদস্যদের গুলিতে আমিনুর রহমান গাজী নিহত হন। দুপুরে সহকর্মীরা তার মরদেহ নিয়ে লোকালয়ে ফেরার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়, যা পরে সহিংস রূপ নেয়।