বগুড়ায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৮, ২০২৬, ৬:৫৩ অপরাহ্ণ
বগুড়ায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ

বগুড়ায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৭ মে) রাতের এ ঘটনায় সোমবার (১৮ মে) সকালে ভুক্তভোগী সদর থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—বগুড়া মহানগরীর ফুলবাড়ি দক্ষিণ হাজীপাড়ার রায়হানের ছেলে কাওসার (১৯), ফুলবাড়ি দক্ষিণপাড়ার বাঁধন পাইকার (১৯) এবং উত্তর কাটনারপাড়া এলাকার রকি (১৯)। পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীর সঙ্গে আসামিদের পূর্বপরিচয় ছিল। ঘটনার দিন সন্ধ্যায় তিনি বগুড়া শহরের পুলিশ প্লাজার ৭ম তলায় ‘লাক জোন’ নামের একটি দোকানে যান। সেখানে আগে থেকেই কয়েকজন তরুণ উপস্থিত ছিল। পরে তারা মদপানের পরিকল্পনা করে এবং একটি হোটেল থেকে মদ সংগ্রহ করে।

রাত সোয়া ১০টার দিকে তারা মহানগরীর ফুলবাড়ি দক্ষিণপাড়া এলাকার ঈদগাহ মাঠ সংলগ্ন শ্মশানঘাট রোডের পাশে একটি নির্মাণাধীন ভবনে যায়। সেখানে আরও একজন তাদের সঙ্গে যোগ দেয় বলে জানা গেছে। এরপর সেখানে মদপানের একপর্যায়ে তরুণীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর অভিযুক্তদের একজন তরুণীকে স্থান ত্যাগের সময় নিয়ে যাওয়ার চেষ্টা করলে শিববাটি বিগবাজার এলাকায় তিনি চিৎকার দেন এবং পথচারীদের সহায়তা চান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন এবং ফাঁড়ি পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন করতে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।