ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৭ কিমি যানজট, চরম ভোগান্তি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৮, ২০২৬, ৪:০৫ অপরাহ্ণ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৭ কিমি যানজট, চরম ভোগান্তি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজকে কেন্দ্র করে প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকরা।

সোমবার (১৮ মে) সকাল থেকে সড়ক বিভাগ সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাই কাজ শুরু করে। কাজের সুবিধার্থে ঢাকামুখী লেনের একটি অংশ বন্ধ রেখে এক লেন দিয়ে যান চলাচল করানো হচ্ছে। এর ফলে ধীরে ধীরে যানজট সোনারগাঁ ছাড়িয়ে মেঘনা ব্রিজ এলাকা হয়ে মুন্সীগঞ্জের গজারিয়া পর্যন্ত বিস্তৃত হয়।

সরেজমিনে দেখা যায়, মহাসড়কের বিভিন্ন স্থানে শত শত বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও ব্যক্তিগত গাড়ি দীর্ঘ সময় আটকে আছে। যানজটের কারণে অনেক যাত্রীকে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে দেখা গেছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নারী, শিশু ও অসুস্থ যাত্রীরা।

ঢাকাগামী এক ট্রাকচালক জানান, সকাল ৯টার দিকে দাউদকান্দি ব্রিজ পার হওয়ার পর থেকেই তিনি যানজটে আটকা পড়েছেন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করলেও গাড়ি খুব ধীরে এগোচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এক যাত্রী বলেন, যেখানে সাধারণত ১০ মিনিটে পৌঁছানো যায়, সেখানে আড়াই ঘণ্টা ধরে বসে থাকতে হয়েছে। সময়মতো অফিসে পৌঁছাতে না পারায় গুরুত্বপূর্ণ মিটিংও মিস করেছেন বলে জানান তিনি। আগে থেকে বিকল্প ব্যবস্থা নেওয়া হলে দুর্ভোগ অনেকটাই কমানো যেত বলেও মন্তব্য করেন তিনি।

আরেক পরিবহন চালক বলেন, মেঘনা টোলপ্লাজা থেকে ঢাকামুখী লেন প্রায় পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। স্বাভাবিক সময়ে ৮ থেকে ১০ মিনিটে যে পথ অতিক্রম করা যায়, সেখানে আড়াই ঘণ্টার বেশি সময় লেগেছে।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম শেখ বলেন, লাঙ্গলবন্দ সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাই কাজ চলমান থাকায় সকাল থেকেই যানজটের সৃষ্টি হয়েছে। বর্তমানে এক লেন দিয়ে যান চলাচল করছে। দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে এবং আজকের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।