কবর থেকে লাশের মাথা গায়েব, ঘটনা কী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৮, ২০২৬, ৯:৪৬ অপরাহ্ণ
কবর থেকে লাশের মাথা গায়েব, ঘটনা কী

কুমিল্লার লালমাই উপজেলায় দাফনের পাঁচ মাস পর কবরস্থান থেকে মারুফ (১৩) নামে এক কিশোরের মাথাবিহীন লাশ উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্বৃত্তরা কবর খুঁড়ে লাশের মাথা কেটে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (১৭ মে) বিকেলে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের নাওড়া গ্রামে এ ঘটনা জানাজানি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কয়েক যুবক কবরস্থানের পাশের একটি তালগাছ থেকে তাল কাটতে যান। এ সময় তারা একটি কবরের ওপর মাথাবিহীন ও কাফনের কাপড়বিহীন গলিত লাশ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা গিয়ে লাশটি শনাক্ত করেন। তারা নিশ্চিত করেন, এটি পাঁচ মাস আগে দাফন করা মারুফের মরদেহ।

পরিবার জানায়, নাওড়া এলাকার বাবুল মিয়ার ছেলে মারুফ প্রায় পাঁচ মাস আগে বিষপানে আত্মহত্যা করে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ধারণা করা হচ্ছে, গভীর রাতে কোনো একসময় দুর্বৃত্তরা কবর খুঁড়ে লাশ বের করে তার মাথা কেটে নিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে লালমাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে পুলিশের উপস্থিতিতে মাথাবিহীন মরদেহটি পুনরায় দাফন করা হয়। স্থানীয়দের ধারণা, যাদু-টোনা বা তন্ত্র-মন্ত্রের কাজে ব্যবহারের উদ্দেশ্যে লাশের মাথা ও কাফনের কাপড় নিয়ে যাওয়া হয়ে থাকতে পারে। এ ধরনের ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

এ বিষয়ে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, পরিবারের সম্মতিতে মরদেহ পুনরায় দাফন করা হয়েছে। ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে এবং জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।