অস্ত্রসহ ইউপিডিএফের তিন সদস্য আটক


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৭, ২০২৬, ১২:০৪ অপরাহ্ণ
অস্ত্রসহ ইউপিডিএফের তিন সদস্য আটক

খাগড়াছড়ি-এর রামগড় উপজেলায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা পাহাড়ি আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ-এর সদস্য বলে জানিয়েছে পুলিশ। শনিবার (১৬ মে) দুপুরে এ অভিযান পরিচালিত হয়। এ সময় গোলাগুলির ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন।

আটকরা হলেন— সাথোয়াই মারমা (৩৫), রনেল চাকমা (২৮) এবং সার্চিং মারমা ওরফে রাজু (১৯)। এদের মধ্যে সাথোয়াই মারমা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। পুলিশের তথ্য অনুযায়ী, আটক রনেল চাকমা ইউপিডিএফের পোস্ট কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করতেন এবং অপর দুজন সংগঠনটির সদস্য।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার দুপুর আনুমানিক ১২টার দিকে গুইমারা রিজিয়নের বুদংছড়া এলাকায় সেনাবাহিনীর একটি আভিযানিক দল অবস্থান নেয়। এ সময় দুটি মোটরসাইকেলে কয়েকজন সশস্ত্র ব্যক্তি ঘটনাস্থল অতিক্রমের চেষ্টা করলে সেনাসদস্যরা তাদের থামার নির্দেশ দেন। তবে তারা নির্দেশ অমান্য করে সেনাসদস্যদের লক্ষ্য করে গুলি চালায় বলে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

পরে আত্মরক্ষার্থে সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়। এতে সাথোয়াই মারমা ঘাড়ে গুলিবিদ্ধ হন। এরপর ঘটনাস্থল থেকে রনেল চাকমা ও সার্চিং মারমাকে আটক করা হয়। অভিযান শেষে ঘটনাস্থল থেকে একটি একে-২২ রাইফেল, ৬ রাউন্ড তাজা গুলি, একটি ব্যবহৃত কার্তুজ এবং চাঁদাবাজির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।

আহত সাথোয়াই মারমাকে প্রথমে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পুলিশি হেফাজতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়। চিকিৎসকদের বরাতে জানানো হয়েছে, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত। আইএসপিআর আরও জানিয়েছে, পার্বত্য অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।