হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৭, ২০২৬, ৪:৩৯ অপরাহ্ণ
হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি পাঁচজনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

রোববার (১৭ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত তথ্যে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৭৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৪ জনে।

এছাড়া একই সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭৬৭ জন। অন্যদিকে সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫৭ হাজার ৮৪৬ জন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৪২ হাজার ৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৭ হাজার ৭৪৪ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। সময়মতো টিকা গ্রহণ এবং আক্রান্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসার আওতায় না আনলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে ঝুঁকি বেশি হওয়ায় অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তারা।

এদিকে, সারাদেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে রোগীর চাপও বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় টিকাদান কর্মসূচি জোরদার, জনসচেতনতা বৃদ্ধি এবং আক্রান্ত এলাকাগুলোতে বিশেষ নজরদারির ওপর গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর।